রংপুর থেকে নিজস্ব প্রতিনিধি।- রংপুর মহানগরীতে রাতের বেলা ভয়ংকর হয়ে উঠেছে বাতিবিহীন রিকশা ও অটোরিকশা। এতে প্রতিনিয়ত বেড়েই চলছে দুর্ঘটনা। পথচারীরা রাস্তা পার হচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে। এনিয়ে সচেতন মহলসহ মহানগরবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এ বিষয়টি ট্রাফিক পুলিশ ও সিটি করপোরেশনের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন।
জানাগেছে, ২০১২ সালে রংপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হলে মহানগরীর পরিধি বাড়ে। বিভাগীয় বিভিন্ন দপ্তরসহ অনেক প্রতিষ্ঠান গড়ে উঠায় মানুষজনও বেড়েছে কয়েকগুণ। এই মহানগরীতে বৈধ অটোরিকশা পাঁচ হাজার এবং চার্জার রিকশার তিন হাজার রয়েছে। যার ৮০ শতাংশ রিকশা এবং অটো বাতি ছাড়া চলাচল করেেছ। এমনিতেই রংপুর মহানগরীতে যানজট লেগেই থাকে। যানজট নিরসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও কোনো উদ্যোগই কাজে আসছে না। এর মধ্যে অটো এবং রিকশা চালকরা বাতি ছাড়া চলাচল করায় রাতের বেলা নগরীর ব্যস্ততম সড়কগুলো হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। প্রায় ঘটছে সড়ক দুর্ঘটনা।
সরেজমিনে, নগরীর প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্বর, শাপলা চত্বর, লালবাগ, স্টেশন, কাচারি বাজার, সিও বাজার, লক্ষ্মী সিনেমা হল মোড়, জীবন বীমা মোড়, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মোড়, বেগম রোকেয়া কলেজ মোড়, সাতমাথা, মডার্ন মোড়, মেডিকেল মোড়সহ বিভিন্ন সড়ক পর্যবেক্ষণ করে দেখা গেছে, অটো এবং রিকশা চলছে বাতি ছাড়া।
তবে রংপুর সিটি কর্পোরেশন বলছে, মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশার লাইসেন্স দিয়েছে আট হাজার। এর মধ্যে অটোরিকশার পাঁচ হাজার এবং রিকশার তিন হাজার। কিন্তু মহানগরীতে অটোরিকশা ও রিকশা ২৫ থেকে ৩০ হাজারের মতো।
নগরীর রাধাবল্লভ এলাকার আশরাফুল আলম বলেন, সম্প্রতি তিনি কাচারি বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছেন। বাতিছাড়া একটি অটোর সঙ্গে তার ধাক্কা লাগে। প্রাণে বেঁচে গেলেও তিনি গুরুতর আহত হন। বাতিছাড়া চলাচল করায় তিনি দুর্ঘটনায় পড়েছেন বলে জানান।
নগরীর পার্ক মোড় এলাকার হাদিউজ্জামান হাদি বলেন, রংপুর মহানগরীতে রাতে বেলা ভয়ংকর হয়ে উঠেছে অটো ও চার্জার রিকশা। এদের কোন নিয়ন্ত্রণ নেই। বাতি ছাড়াই চলছে। এতে অনেকেই র্দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিষয়টি সিটি কর্পোরেশন ও ট্রাফিক পুলিশ জরুরি হস্তক্ষেপ করলে নগরবাসীর ভোগান্তি কমতো বলে তিনি মনে করেন।
রংপুর জেলা সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন বলেন, রংপুর নগরী হচ্ছে যানজটের নগরী। এই নগরীতে সবচেয়ে বড় ভোগান্তি হচ্ছে বাতিছাড়া আটো এবং রিকশা।
এবিষয়ে রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জুর সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমরা অবগত রয়েছি। গুরুত্বসহকারে দেখা হবে বলে জানান তিনি।
Leave a Reply