ঘোড়াঘাট প্রতিনিধি ।-দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মধ্যে এক মর্মান্তিক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ট্রাক্টরচালক জুইন (২১)। নিহত অপর ব্যক্তির (প্রায় ২৫) পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ঢাকাগামী মোল্লা পরিবহন নামের একটি নাইট কোচ বিরাহিমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে সেটির সজোরে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ ঘাতক বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসের চালককে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় দক্ষিণ দেবীপুর গ্রাম সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply