রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ ( ইনু) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক , রংপুর জেলা জাসদের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুরের সাবেক সাধারণ সম্পাদক, নাট্যব্যক্তিত্ব সাখাওয়াত হোসেন রাঙ্গা আর নেই। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ১৯ ডিসেম্বর দুপুর ২.৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ আত্বীয়-স্বজন ও বহু শুভাকাংঙ্খী রেখে গেছেন।
সাখাওয়াত হোসেন রাঙ্গা জাসদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর জেলা জাসদের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, রংপুর বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুরের সাবেক সভাপতি, সারথি নাট্য সম্প্রদায়ের সাবেক সভাপতি ছিলেন।২০ ডিসেম্বর বুধবার সকালে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ আনা হয়। এসময় সাংস্কৃতিক কর্মী, জাসদের নেতাকর্মী, সমর্থক ও বন্ধু সহ সর্বস্থরের মানুষ কান্নায় ভেঙ্গে পড়েন। পরে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে রাখা হলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, সিপিবি, ওয়াকার্স পার্টি, বাসদ,গণতন্ত্রী পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিক, নাট্য ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, ক্রীড়াসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। পরে পাবলিক লাইব্রেরী মাঠে জানাযা নামাজ শেষে তার মরদেহ গ্রামের বাড়ি গাইবান্ধায় নিয়ে যাওয়া হয়। বাদ জোহর গাইবান্ধা পৌর কবরস্থানে দ্বিতীয় জানাযা শেষে তাকে সেখানে দাফন করা হয়।
এদিকে, সাখাওয়াত হোসেন রাঙ্গার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সাবেক সভাপতি ও রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ভাষা সৈনিক মোহাম্মদ আফজাল, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব রহমান হাবু, বিভিন্ন সাহিত্য-সংস্কৃতি ও নাট্য সংগঠন এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, কমিউনিষ্ট পার্টি-সিপিবি, ওয়াকার্স পার্টি, গণতন্ত্রী পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল। তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply