পীরগঞ্জে শিশু তাজমিনা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পীরগঞ্জ রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- দীর্ঘ ১৯ বছর পলাতক থাকার পর রংপুরের পীরগঞ্জে উপজেলার আলোচিত শিশু তাজমিনা আক্তার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আবু তাহেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার গ্রেপ্তারের মধ্য দিয়ে দীর্ঘদিন ঝুলে থাকা আলোচিত এ মামলার রায় কার্যকরের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে মর্মে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার হওয়া আবু তাহের (পিতা: আশকর আলী) উপজেলার কাফ্রিখাল এলাকার বাসিন্দা। তিনি পীরগঞ্জ থানার মামলা নং-২০, তারিখ ১৪ ডিসেম্বর ২০০৭, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
এদিকে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজমুল হকের নির্দেশনায় এসআই মো. ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হযয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৩ ডিসেম্বর উপজেলার কাফ্রিখাল গ্রাম থেকে শ্যামপুর যাওয়ার পথে একটি আখক্ষেত থেকে ৬ বছর বয়সী শিশু তাজমিনা আক্তারের মরদেহ উদ্ধার করে ছিল পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় নিহত শিশুটির মা সালেহা বেগম বাদী হয়ে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আদালত শিশুটির পিতা মো. আবু তাহেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। অবশেষে দীর্ঘ ১৯ বছর পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় মামলার রায় কার্যকরের প্রক্রিয়া এগিয়ে যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘ প্রতীক্ষার পর আসামি গ্রেপ্তার হওয়ায় নিহত শিশুর পরিবারের সদস্যরাও বিচার কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন।
Leave a Reply