পীরগঞ্জ (রংপুর)বজ্রকথা প্রতিনিধি । বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জে একটি মসজিদের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার ৫নং মদনখালী ইউনিয়নের বাবনপুর-বিরামপুর এলাকায় মসজিদটির ঢালাই কাজের উদ্বোধন করেন রংপুর জেলা পরিষদের প্রশাসক জনাব মো. সাইফুল ইসলাম।
উদ্বোধন শেষে তিনি স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রয়োজনের কথা শোনেন এবং স্থানীয়দের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ।
মতবিনিময়কালে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের খোঁজখবর নেওয়া হয়। বিশেষ করে অসচ্ছল পরিবারের সন্তানদের পড়ালেখা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। আর্থিক সংকটের কারণে কোনো শিক্ষার্থী যেন শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে, সে বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন মো. সাইফুল ইসলাম।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।















Leave a Reply