রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি সোহেল রশিদ।-রংপুর মহানগরীর ৩২ নং ওয়ার্ডের নগর মীরগঞ্জ এলাকায় মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করতে ২৭ সদস্যবিশিষ্ট ‘মাদক নির্মূল কমিটি-২০২৬’ গঠন করা হয়েছে। গত শুক্রবার নগর মীরগঞ্জ বাজার জামে মসজিদের সামনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও মুরুব্বীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে মো. আবুল কালামকে সভাপতি, মো. জসিম মিয়াকে সাধারণ সম্পাদক এবং মো. আরিফ মুহিব ও মো. রায়হানুল ইসলাম জুয়েলকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ২৭ জন যুবক ও মুরুব্বীকে কমিটির সদস্য করা হয়েছে।
সভায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, মাইকিংয়ের মাধ্যমে এলাকার সকল মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সতর্ক করা হবে। এরপরও কেউ মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত থাকলে কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
সভায় বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংস করছে এবং সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ৩২ নং ওয়ার্ডের নগর মীরগঞ্জ, বড় রংপুর, তালুক তামপাট, দোলাপাড়া, আরাজী তামপাট, শরেয়ারতলসহ আশপাশের কয়েকটি এলাকায় মাদকের বিস্তার, সেবন ও বিক্রি উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে তরুণ ও যুবসমাজের একটি অংশ মাদকের ভয়াল থাবায় আক্রান্ত হচ্ছে।
বক্তারা আরও বলেন, সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতায় ৩২ নং ওয়ার্ডের নগর মীরগঞ্জসহ আশপাশের এলাকাগুলোকে মাদকমুক্ত করার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এ সময় উপস্থিত এলাকাবাসী মাদকবিরোধী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কমিটির কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply