পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি|-রংপুরের পীরগঞ্জে উপজেলার একটি কারখানায় ডাকাতির চেষ্টার ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি পিকআপও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে , গত ২৬ মার্চ গভীর রাতে উপজেলার বড়দরগাহ ইউনিয়নের মকিমপুর গ্রামে অবস্থিত ‘রংপুর কেমিক্যাল লিমিটেড’ কারখানায় ১৪-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। তারা কারখানার নাইটগার্ডদের জিম্মি করে ডাকাতির চেষ্টা চালায়। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা দুটি পিকআপে করে পালিয়ে যায়।
এ ঘটনায় কারখানার মালিকপক্ষের প্রতিনিধি বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে ডিবি পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের শনাক্ত করে পুলিশ। পরে ঢাকা জেলার সাভার ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. রুবেল রানা (২৭), মো. মানিক (২৮), মো. ইব্রাহিম (২৫), মো. শফিকুল ইসলাম (২৫), মো. সাইমুন আমিন শুভ (২৬) ও মো. সোহাগ মিয়া (২২)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও দস্যুতা মামলা রয়েছে।
এছাড়া তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি ফোটন পিকআপ (ছোট ট্রাক) উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply