বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান,যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি..

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

 

পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান,যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি..
সৈয়দ রায়হান বিপ্লব, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : পীরগঞ্জ পৌরসভার প্রধান সড়কের দুই পাশে অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পীরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে থানা মোড় পর্যন্ত এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়কের দুই পাশে থাকা বিভিন্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা ক্রেন দিয়ে ভেঙে সরিয়ে দেওয়া হয়। অভিযানের সময় ইউএনও নিজে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন। এ সময় ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে সড়কের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের নোটিশ দেওয়া হয়েছিল। ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগকে কেন্দ্র করে পীরগঞ্জের বিভিন্ন মানবাধিকার সংগঠন প্রতিবাদ জানায়। অ্যাডভোকেট কাজী লুমুম্বা লুমুর নেতৃত্বে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সভা, সমাবেশ ও মানববন্ধনও অনুষ্ঠিত হয়। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হলেও কার্যকর কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানা গেছে। বৃহস্পতিবারের উচ্ছেদ অভিযানে পথচারীদের চলাচলের সুবিধার্থে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে দেওয়া হলে স্থানীয় অনেক বাসিন্দা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান। তবে এলাকাবাসীর একাংশের দাবি, বাসস্ট্যান্ড থেকে থানা মোড় পর্যন্ত পৌরসভার প্রধান সড়কটি এখনও পুরোপুরি দখলমুক্ত হয়নি। তাঁদের অভিযোগ, সড়কের দুই পাশে থাকা ড্রেনের টপস্ল্যাব রাস্তার তুলনায় বেশ উঁচু হওয়ায় দোকানপাটে যাতায়াতের জন্য রাস্তার ওপর তিন থেকে চার ফুট পর্যন্ত ঢালাই দিয়ে স্লোপ তৈরি করা হয়েছে। এতে সড়কের কার্যকর প্রশস্ততা কমে গিয়ে ছোট যানবাহনের চলাচলে প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে। সচেতন মহলের মতে, শুধু অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। সড়ক ও ফুটপাতের উচ্চতার সমন্বয় এবং ড্রেনের টপস্ল্যাবের লেভেল যথাযথভাবে নির্ধারণ করা প্রয়োজন। এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে পৌরসভার প্রধান সড়কের যানজট অনেকটাই কমে আসবে বলে তাঁরা মনে করেন। পৌরবাসী সড়ক ও ফুটপাতের স্থায়ী দখলমুক্তকরণ এবং যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com